কালিয়ায় ছয় গ্রামে গ্রেপ্তার আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালাই উপজেলার ছয়টি গ্রামের পুরুষ গত ২০ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার ঘটনায় দায়ের করা একটি মামলায় এসব গ্রামের অজ্ঞাতনামা ৭০০-৮০০ জনকে আসামি করে মামলা হয়েছে। এতে গ্রেপ্তার আতঙ্কে তারা ঘরবাড়ি ছেড়েছে।গ্রেপ্তারের নামে পুলিশ এসব গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি ও হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক কিশোর ও তরুণের কলেজে যাওয়াও বন্ধ হয়ে গেছে। এদিকে উপার্জনক্ষম পুরুষ সদস্য পালিয়ে থাকায় পরিবারের অপর সদস্যরা মানবেতর জীবনযাপন করছে। ওই ছয়টি গ্রাম কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নে। এগুলো হলো ডুমুরিয়া, উত্তর ডুমুরিয়া, যোগানিয়া, দক্ষিণ যোগানিয়া, চর কাকানিয়া ও রামনগর। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জুন বাঐসোনা ইউপি নির্বাচনে নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের ফলাফল প্রকাশ না করে প্রিসাইডিং কর্মকর্তা ব্যালট ভর্তি বাক্স সদরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দুজন চেয়ারম্যান প্রার্থীর কয়েক হাজার সমর্থক ওই কেন্দ্রে তাদের আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা করলে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়। উত্তেজিত জনতা এ সময় পুলিশের পাঁচটি গাড়ি ভাঙচুর করে। এতে পুলিশসহ ৩০ জন আহত হয়। এ ঘটনায় পরদিন এসআই সাইদুর রহমান ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০০-৮০০ গ্রামবাসীকে আসামি করে নড়াগাতি থানায় মামলা করেন। উত্তর ডুমুরিয়া গ্রামের জেলেকা বেগম বলেন, ‘স্বামী দাউদ সরদার জোন দেতো (শ্রমিক)। পুলিশের ভয়ে বাড়ি ছাড়া। এখন সংসার চালাতি পাত্তিছি না।’রোমেছা বেগম (৬০) ক্ষোভ প্রকাশ করে বলেন, নড়াগাতি থানার ইব্রাহিম দারোগা দিনি ও রাতি বাড়িতে আসে কয়, এক বছরের মধ্যি উঠোন চাষ করে দেবো। মহিলা পুলিশ আনে মহিলাগে ধরে নিয়ে যাব।’ সহকারী উপপরিদর্শক ইব্রাহিম খলিল এ অভিযোগ অস্বীকার করেছেন। চর কাকানিয়া গ্রামের কলেজছাত্র ছলেমান শেখ বলেন, ‘গ্রেপ্তার আতঙ্কে আমি কলেজে যেতে পারছি না। পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে রাত যাপন করি।’ নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সরোয়ার হোসেন বলেন, এলাকার কোনো নিরীহ লোকজনকে হয়রানি করা হচ্ছে না।