কালিয়ায় জোড়া হত্যা মামলায় ২৩ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নে মোহাম্মদ শাহীন ও আনোয়ারুল আজাদ হত্যা মামলায় ২৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
জেলা দায়রা জজ মোহাম্মদ আবুল বাশার মুন্সি গতকাল রোববার এ রায় দেন। ১৯৯৫ সালের ১৪ এপ্রিল ওই হত্যাকাণ্ড ঘটে।
আদালত আসামিদের ৬ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
নিহত মোহাম্মদ শাহীনের বাড়ি খুলনার দৌলতপুর ও আনোয়ারুল আজাদের বাড়ি তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে।
সাজা পাওয়া আসামিরা হলেন উপজেলার পারবিষ্ণুপুর গ্রামের নজরুল ইসলাম শেখ, তাঁর ভাই মিজানুর রহমান শেখ ও
মিল্টন শেখ, নজরুল শেখ, তাঁর ভাই হারুন শেখ ও সেলিম শেখ, বাশার বিশ্বাস, নওয়াগ্রামের হেনরি শেখ, ছিলিমপুর গ্রামের আসাদ শেখ, বাকের মোল্লা ও কালাম মোল্লা, দেওয়াডাংগা গ্রামের মজিদ সরদার, তিতু সরদার, শামছুর রহমান, রফি সরদার ও আলাল সরদার; খুলনার দিঘলিয়া উপজেলার সোনাকুড় গ্রামের মিনহাজ সিকদার, বড় মহিষদিয়া গ্রামের আমজাদ হোসেন, হানেফ আলী, গোলাম শেখ, বালাম শেখ ও আবদুল হাই এবং পারচন্দ্রপুর গ্রামের শহীদুল মোল্লা।
তাঁদের মধ্যে তিতু সরদার, শামছুর রহমান, বালাম শেখ ও বাকের মোল্লা পলাতক রয়েছেন। মামলা চলাকালে ছয়জন আসামি মারা গেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯৫ সালের ১৪ এপ্রিল কালিয়ার মহিষখোলা গ্রামের মাছের ঘের থেকে মোহাম্মদ শাহীন ও আনোয়ারুল আজাদ খুলনা শহরে যাওয়ার জন্য হামিদপুর ইউনিয়নের গাজীরহাট বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন।
সন্ধ্যা সাতটার দিকে দিঘলিয়ার পারচন্দ্রপুর গ্রামের আকবর হোসেন মোল্লার (বর্তমানে মৃত) নেতৃত্বে আসামিরা তাঁদের ঘেরাও করেন। আসামিরা গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আনোয়ারুল আজাদকে ফেলে রেখে যান এবং শাহীনকে গুম করেন।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আনোয়ারুল আজাদকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় নিহত আনোয়ারুল আজাদের ভাই আনোয়ারুল বাশার বাদী হয়ে ২৯ জনকে আসামি করে কালিয়া থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও নড়াইলের সহকারী পুলিশ সুপার (সদর) শহীদুল আলম চৌধুরী তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় ২৯ জনের সাক্ষ্য নেওয়া শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২৩ জনকে সাজা দেওয়া হলো। রায় ঘোষণার সময় ১৯ জন আসামি আদালতে হাজির ছিলেন।