কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক
নড়াইলের কালিয়া উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়ি ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। গতকাল বুধবার সকালে পেড়লী ইউনিয়নের খড়ড়িয়া গ্রামের পুলবাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের খলিল মোল্লা ও জারজিস মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় পুলবাজারে জারজিস মোল্লার পক্ষের টোকন মোল্লা নামের এক তরুণের সঙ্গে খলিল মোল্লার পক্ষের বশির মোল্লা নামের এক ব্যবসায়ীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টির মীমাংসা করা হয়। ওই ঘটনার জের ধরে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে জারজিস মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ওই বাজারে হামলা চালায়। এ সময় খলিল মোল্লার লোকজন তাতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে ওই বাজারের বেশ কিছু দোকান ও আশপাশের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়।স্থানীয় পেড়লী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে কালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।