কালিয়ায় সংখ্যালঘুদের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন
নড়াইলের কালিয়ায় সংখ্যালঘুদের ওপর হামলা-মামলা-নির্যাতনের বিচার ও শাস্তির দাবিতে গতকাল শুক্রবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। সাম্প্রদায়িকতাবিরোধী ও নির্যাতনবিরোধী কালিয়া উপজেলাবাসীর ব্যানারে এই মানববন্ধন হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে প্রায় এক ঘণ্টার এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলাচিঠি পাঠ করা হয়। খোলাচিঠিতে অভিযোগ করা হয়, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীমুর রহমান ওরফে ওসি খাঁ ও তাঁর সন্ত্রাসী বাহিনীর হাতে এলাকার সংখ্যালঘু মানুষ জিম্মি হয়ে আছে। তাঁরা সংখ্যালঘুুদের ওপর ধারাবাহিকভাবে হামলা, নির্যাতন এবং মিথ্যা মামলা করছেন। কেউ এর বিরোধিতা করলে তাঁর ওপরও অত্যাচার চালানো হয়।খোলাচিঠিতে অত্যাচারিতদের রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। মানববন্ধনে অংশ নেন শ্যামল দাশ, মজিবুল হক, সেকেন্দার হায়াত, হাসনাত এ চৌধুরী, রওশনুজ্জামান, শোভা রায়, নির্মল চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।