কালিয়ায় সংখ্যালঘুরা উৎকণ্ঠায়
কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন কেন্দ্র করে সন্ত্রাসের আশঙ্কায় সাধারণ মানুষ উৎকণ্ঠায় আছে। নির্বাচনের আগে, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হুমকি দিয়ে তাদের চাপের মুখে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে একাধিক প্রার্থী জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনারের দপ্তরে লিখিত অভিযোগও দিয়েছেন। ১৯ জুন কালিয়ায় নির্বাচন শুরু হবে। সরেজমিন ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার খাশিয়াল, সালামাবাদ, বড়নাল, ইলিয়াছাবাদ, হামিদপুর, চাচুড়ি, পুরুলিয়া, বাবরাহাচলা ইউনিয়নে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎকণ্ঠা প্রবল। কারণ বিগত তিনটি ইউপি নির্বাচনের আগে-পরে কালিয়ার বিভিন্ন এলাকায় সন্ত্রাসের ঘটনা ঘটেছে। এ বছরও সংখ্যালঘুরা নির্বাচনের পর তাদের ওপর হামলা ও নির্যাতনের আশঙ্কা করছে। খাশিয়াল ইউনিয়নের পাটনা, চোরখালী, শিবানন্দপুর, সুরিগাতি, তালবাড়িয়া, বি-পাটনা ও ব্রাহ্মণ পাটনা গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন জানায়, এ ইউনিয়নেই কালিয়া উপজেলার চেয়ারম্যান শামীমুর রহমান খান ওরফে ওসি খাঁর বাড়ি। তিনি তাঁর প্রার্থী ফরিদ সিকদারের পক্ষে সাধারণ ভোটারদের হুমকি দিচ্ছেন। পাটনা গ্রামের প্রমীলা বিশ্বাস, অনিমা বিশ্বাস, মঞ্জু দাস ও ভ্যানচালক নিতাই দাস বলেন, ‘কালিয়া উপজেলার চেয়ারম্যান ওসি খাঁর প্রার্থী ফরিদ সিকদার। ওসি খাঁ টেবিলের ওপর ‘তাঁকে দেহায়ে ভোট দিতি কইছে।’ খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বরকত হোসেন ও খাজা আলাউদ্দিন অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যান ফরিদ সিকদারের পক্ষে ভোট চাইছেন। ফরিদকে ভোট না দিলে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ১৯ জুনের পর হাত-পা ভেঙে হাসপাতালে পাঠানো হবে বলে হুমকি দিচ্ছেন। উপজেলা চেয়ারম্যান অবশ্য বলেছেন, তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা।সালামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সরদার আনোয়ার হোসেন বলেন, মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দিনে প্রকাশ্যে মহড়া দিচ্ছে। তারা চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক লিকু ও কামরুল থান্দারের লোক।’ একই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমূল হক ও মাসুদ রানা বলেন, সাজ্জাদুল হকের লোকজন ইউনিয়নের হরিষপুর, জয়পুর, ধুষহাটি গ্রামের এবং কামরুল থান্দার হাড়িডাঙ্গা জোকারচর, দেবীপুর গ্রামের ভোটারদের বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের হুমকিধমকি দিয়ে চাপের মধ্যে রেখেছেন। তবে অভিযোগ অস্বীকার করে সাজ্জাদুল হক বলেন, এগুলো মিথ্যা কথা। নির্বাচনে আমার অবস্থা ভালো দেখে নির্বাচনের আগে আনোয়ার হোসেন আমার বিরুদ্ধে কুৎসা রটনায় উঠেপড়ে লেগেছেন। কামরুল থান্দারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, গত ২৮ মে চাচুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানসহ তিনজনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, কোনো কোনো ইউনিয়নে ছোটখাটো দ্বন্দ্ব-সংঘাতের ঘটনার কথা শোনা গেছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের জন্য প্রতিটি ইউনিয়নে নিরাপত্তা জোরদার করা হবে।