কালিয়ায় সংঘর্ষে ইউপি সদস্য গুলিবিদ্ধ
নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য গুলিবিদ্ধ ও ১৫ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পিরোলী ইউপির চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতা আনিসুর রহমান ওরফে বাবু এবং ইউপির সদস্য মোফাজ্জেল হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোফাজ্জেল হোসেন গুলিবিদ্ধ এবং উভয় পক্ষের লোকজন আহত হন। মোফাজ্জেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাজারের ব্যবসায়ী হোসেন আলী জানান, উপজেলা পরিষদ নির্বাচনে মোফাজ্জেল কালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। ওই নির্বাচনে মোফাজ্জেলের বিরোধিতা করেন আনিসুর। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এদিকে পিরোলী বাজার স্থানীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হওয়ায় বৃহস্পতিবার রাতে চেয়ারম্যানের লোকজন পিরোলী বাজারে এলে মোফাজ্জেলের সমর্থকদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বেধে যায়। এ সময় গুলি ও বোমার শব্দ শোনা যায়। পিরোলী বাজার বণিক সমিতির সভাপতি মফিজুর রহমান বলেন, সংঘর্ষে সময় পাঁচ-ছয়টি গুলি ও ছয়-সাতটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কালিয়া থানার ওসি মতিয়ার রহমান গুলি ও ককটেল বিস্ফোরণের কথা অস্বীকার করেছেন।