কালিয়ায় সরকারি জমি দখল করে দোকানঘর
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের পেড়লী বাজারে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন না করেই খাসজমিতে দোকানঘর নির্মাণ করছেন ইজারাদারেরা। এমনকি ইজারা নেওয়া জায়গার পরিমাণের চেয়ে বেশি জমিতে স্থাপনা করা হচ্ছে।পেড়লী ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে পেড়লী বাজারের সরকারি খাস জমি থেকে জনপ্রতি ১৫ থেকে ২০ বর্গফুট করে ৪২ জনের নামে জমি একসনা বন্দোবস্ত দেওয়া হয়েছে। এখন পর্যন্ত জমি মেপে দেওয়া হয়নি।৩ এপ্রিল সরেজমিন দেখা গেছে, বাজারের ধানের হাট ও তার আশপাশের এলাকায় সাত থেকে আটটি আধাপাকা দোকানঘর নির্মাণের কাজ চলছে। বাজারের ধানের হাটখোলায় প্রায় ৩০ বর্গফুট এলাকা দখল করে দোকানঘর নির্মাণ করছেন সোহেল রানা নামের এক তরুণ। তিনি দাবি করেন, ইউনিয়ন ভূমি অফিস ২৮ জানুয়ারি পেড়লী মৌজার ৩১৬৩ দাগে তাঁকেসহ মোতালেব শেখ নামের দুজনকে এ জমি একসনা বন্দোবস্ত দেওয়া হয়েছে। তবে তিনি তাঁর নামে ১৫ বর্গফুট জমি বন্দোবস্ত দেওয়ার কাগজপত্র দেখাতে সক্ষম হন। নাম প্রকাশ না করার শর্তে বাজারের একাধিক ব্যবসায়ী জানান, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের নামে জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে, প্রকৃত ব্যবসায়ীরা উপেক্ষিত হয়েছেন। তবে বাজার বণিক সমিতির সভাপতি মোফাজ্জেল শেখ বলেন, প্রকৃত ব্যবসায়ীদের মধ্যে জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিচুর রহমান বলেন, ভূমি কার্যালয় থেকে যাঁরা জমি বন্দোবস্ত পেয়েছেন, তাঁরাই বাজারে দোকানঘর নির্মাণ করছেন। তিনি দাবি করেন, এখানে কোনো ধরনের অস্বচ্ছতা নেই। ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ইলিয়াছ হোসেন বলেন, চলতি বছরে পেড়লী বাজারের খাস জমি থেকে ৪২ জনের মধ্যে জনপ্রতি ১৫ থেকে ২০ বর্গফুট করে একসনা বন্দোবস্ত দেওয়া হয়েছে। তবে এখনো জমি মেপে দেওয়া হয়নি। স্থাপনা নির্মাণেরও কোনো আদেশ দেওয়া হয়নি। তিনি বলেন, সরকারি আদেশ অমান্য করে যাঁরা স্থাপনা নির্মাণ করছেন, তাঁদের ২৭ মার্চ নির্মাণকাজ বন্ধে নোটিশ দেওয়া হয়েছে। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন হোসেন জানান, বরাদ্দকৃত জমির চেয়ে বেশি জমি যাঁরা দখল করেছেন, তাঁদের উচ্ছেদ করা হবে। তিনি দাবি করেন, ইতিমধ্যে সার্ভেয়ার পাঠানো হয়েছে। আগামী রোববার তিনি নিজেই পরিদর্শনে যাবেন।