কালিয়ায় স্লুইস গেট ভেঙে পাঁচ হাজার একরে লোনা পানি
দীর্ঘদিন ধরে সংস্কার না করায় নড়াইলের কালিয়া উপজেলার ভোমবাগ স্লুইস গেটের নিচের অংশ ভেঙে গেছে। এতে ওই ভাঙা অংশ দিয়ে আত্রাই নদীর লোনা পানি লোকালয়ে ঢুকছে। এ কারণে এ উপজেলার ১৪টি গ্রামের পাঁচ হাজার একর জমিতে ফসলের ফলন কয়েক গুণ কমে গেছে। তিন বছর ধরে এ অবস্থা চলছে। ফসলের উৎপাদন কমে যাওয়ায় এ এলাকার কৃষকেরা চিন্তিত হয়ে পড়েছেন। সরেজমিনে দেখা গেছে, ১৯৭৯-৮০ সালে পাউবো বড়নাল, সিলিমপুর, কোলা বাসুখালী প্রকল্পের আওতায় কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের আত্রাই ও নবগঙ্গা নদীর সংযোগ খালের ভোমবাগ এলাকায় ১ দশমিক ৮০ মিটার দৈর্ঘ্য এবং ১ দশমিক ৫০ মিটার প্রস্থের একটি স্লুইস গেট নির্মাণ করে। প্রয়োজনের সময় লোকালয়ে পানি ঢোকানোর জন্য এলাকাবাসী গেটটি ব্যবহার করতেন। ২০০৭ সালে গেটের নিচের অংশ ভেঙে যায়। এতে গেটটি খোলা থাকায় লোনা পানিতে হামিদপুর ইউনিয়নের ভোমবাগ, বিঞ্চুপুর, মাধবপাশা, বাবুপুর, সলুয়া, পুকুরকুল, মসনন্দপুর, রামানন্দপুর, বড়নাল, কুন্দুপুরসহ ১৪টি গ্রামের পাঁচ হাজার একর জমিতে ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে। এ ছাড়া স্লুইস গেটের দুই পাশের মাটি ধসে বড় ধরনের গর্তেরও সৃষ্টি হয়েছে। ভোমবাগ গ্রামের কৃষক শেখ একরামুল হক বলেন, ‘গেট দিয়ে নদীর নুনা পানি ঢুয়ে পড়ায় জমিতি ফসল হচ্ছে না। ইডা (স্লুইস গেট) ঠিক করতি কেউ আসে না। আমাগে এহোন ছল-মায়ে নিয়ে না খায়ে মত্তি মরণ অবস্থা।’বিঞ্চুপুর গ্রামের আবদুল জলিল বলেন, কালিয়া উপজেলার নবগঙ্গা নদী খুলনার আত্রাই নদীর সঙ্গে ভোমবাগে যুক্ত হয়েছে। জোয়ারের সময় আত্রাই নদীর লোনা পানি নবগঙ্গার সঙ্গে একাকার হয়ে যায়।হামিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বলেন, ভোমবাগ এলাকার ভাঙা স্লুইস গেট দিয়ে প্রতিবছর ইউনিয়নের ১৪টি গ্রামের বিলে লোনা পানি প্রবেশ করে পাঁচ হাজার একর জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে গত বছরও পাউবোর নড়াইল কার্যালয়ে লিখিত আবেদন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি।কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কিংকর দাস জানান, পাঁচ হাজার নয়, ওই এলাকার সর্বোচ্চ দুই হাজার একরে লোনা পানি ঢুকে ফসল উৎপাদন ব্যাহত হতে পারে। তিনি দাবি করেন, ওই এলাকার বাসিন্দারা সরকারি কৃষি পুনর্বাসন প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য মিথ্যা তথ্য দিয়েছেন।পাউবোর নড়াইল কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মো. লুৎফর রহমান বলেন, এলাকাটি খুলনা পাউবোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগের আওতাধীন। ওই এলাকাটি নড়াইল পওর বিভাগের আওতায় আনার প্রক্রিয়া চলছে। সরকারিভাবে এ কাজটি শেষ হলে আগামী অর্থবছরেই সংস্কারের ব্যবস্থা করা হবে।