কালিয়ায় সড়কের পাশের গাছ লুট!
নড়াইলের কালিয়া-চাপাইল সড়কের সরকারি গাছগুলো অবৈধভাবে কেটে ফেলা হচ্ছে। স্থানীয় এক আওয়ামী লীগের নেতার ছত্রচ্ছায়ায় দলীয় কর্মী ও সমর্থকেরা রাতের আঁধারে গাছগুলো কেটে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে উপকারভোগী ও রক্ষণাবেক্ষণকারীরা বঞ্চিত হচ্ছেন।স্থানীয় লোকজন জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কালিয়া কার্যালয়ের প্রকৌশলী গাছ কাটার বিষয়ে নড়াগাতি থানায় ৩০ জানুয়ারি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে সুনির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ না করায় পুলিশ এ ব্যাপারে পদক্ষেপ নিতে পারছে না। এলজিইডির উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় কালিয়া উপজেলায় এলজিইডির বিভিন্ন সড়কে আট-নয় হাজার গাছের চারা লাগানো হয়। মালিকানার ৪০ শতাংশ রক্ষণাবেক্ষণকারী, স্থানীয় উপকারভোগী সংগঠন ৩০ শতাংশ এবং ইউনিয়ন পরিষদ বাকি ৩০ শতাংশ পাবে। শুক্রবার সরেজমিনে দেখা গেছে, সড়কের বাঐসোনা, নলামারা, যোগানিয়া, চাপাইল এলাকার তিন কিলোমিটার অংশ থেকে গাছ কাটা হচ্ছে। স্থানীয়রা জানান, গত তিন সপ্তাহে ওই অংশ থেকে মোটা জাতের ১২৫টি শিশুগাছ কেটে নেওয়া হয়েছে। বাজারে এসব গাছের দাম প্রায় পাঁচ লাখ টাকা। বাঐসোনা গ্রামের মালিক নজরুল ইসলাম বলেন, বাঐসোনা ইউপির চেয়ারম্যানের শ্যালক স্থানীয় আওয়ামী লীগ নেতা যোগানিয়া গ্রামের মরজান ও লিটন, ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাদাৎ হোসেন, বাঐসোনা গ্রামের লাভলু, ডালিম সরদার, পাগলা ও মাফুজ মোল্যার নেতৃত্বে দিনে ও রাতে এসব গাছ কেটে নেওয়া হচ্ছে। সরোষপুর গ্রামের কাঠ ব্যবসায়ী সৈয়দ মোল্যার কাছে এসব গাছ বিক্রি করা হয়।বাঐসোনা ইউপি চেয়ারম্যান ফোরকান মোল্যা তাঁর ছত্রছায়ায় গাছ কাটার কথা অস্বীকার করে বলেন, গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি দাবি করেন, তাঁকে ও তাঁর শ্যালকদের জড়িয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। রাতের আঁধারে কারা গাছ কেটে নিয়েছে সে ব্যাপারে পরিষদের পক্ষ থেকেও খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই পুলিশে সোপর্দ করা হবে।এলজিইডির কালিয়া উপজেলা প্রকৌশলী গিয়াস উদ্দিন আহম্মেদ বলেন, গাছ কাটার বিষয় জানতে পেরে নড়াগাতি থানায় অভিযোগ দেওয়া হয়েছে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, এলজিইডির পক্ষ থেকে যে অভিযোগ দেওয়া হয়েছে, তাতে কারোর নাম উল্লেখ নেই। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।