কালিয়ায় ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ
নড়াইলের কালিয়া উপজেলার মহাজন-ঘোষিবাড়িয়া গ্রামের হরিবাসর মন্দিরে শুরু হয়েছে ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও মতুয়া মেলা। সারা দেশ থেকে আসা কয়েক হাজার কৃষ্ণপ্রেমী বৈষ্ণব-বৈষ্ণবী ও হিন্দু ধর্মাবলম্বীর এ অনুষ্ঠান ৮ মার্চ শুরু হয়। চলবে ১৪ মার্চ পর্যন্ত।
হরিবাসর মন্দিরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মিঠাই-মন্ডা, শাঁখা-সিঁদুর, খেলনাসহ কাঠের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান বসেছে মেলার চারপাশে।
নামযজ্ঞানুষ্ঠানে নামাবৃত্ত পরিবেশন করছে খুলনার শ্রীকৃষ্ণ ভক্ত সম্প্রদায়, মাদারীপুরের শ্রী রঘুনাথ ঝিউ সম্প্রদায়, ফরিদপুরের শ্রী জয়গুরু সনাতন সম্প্রদায়, ঢাকার শ্রী ইসকন সম্প্রদায়, গোপালগঞ্জের শ্রী গোকুল কৃষ্ণ সম্প্রদায় এবং নড়াইলের শ্রী গৌর গদাধর সম্প্রদায়।
অষ্টকালীন কীর্তন পরিবেশন করছেন ফরিদপুরের দিলীপ বিশ্বাস, যশোরের উত্তম আনন্দ দাশ ও সাতক্ষীরার অঞ্জলী সরকার।
হরিবাসর মন্দির কমিটির কর্মকর্তা বিশ্বজিৎ সাহা বলেন, ভক্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আগামী দিনে আরও সুশৃঙ্খলভাবে যাতে নামযজ্ঞানুষ্ঠানসহ মতুয়া সম্মেলন সম্পন্ন হতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।