কালিয়ায় ৭০ পরিবারের পুরুষেরা গ্রামছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার বাবরাহাচলা ইউনিয়নের পাটকেলবাড়িয়া গ্রামের ৭০টি পরিবারের পুরুষেরা সন্ত্রাসীদের ভয়ে বাড়িঘরে যেতে পারছেন না। গ্রামে পুলিশ মোতায়েন থাকলেও পরিবারগুলোর নারী সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা ঘর থেকে বের হতে পারছেন না। এই সুযোগে সন্ত্রাসীরা বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।২১ সেপ্টেম্বর সরেজমিন ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইলিয়াছ মোল্লা ও মিজান মোল্লার সঙ্গে শাহাজান শেখ ও হেমায়েত শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে ২৩ আগস্ট সকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মোশারেফ হোসেন নামের এক ব্যক্তি নিহত ও ৩০ জন আহত হন। সর্বশেষ কাঞ্চনপুর বাজারে গত সোমবার গভীর রাতে ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমানের গুদাম থেকে সন্ত্রাসীরা প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।স্থানীয় মসজিদের ইমাম শামছুর রহমান বলেন, দুই পক্ষের বিরোধের কারণে এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট হচ্ছে। ২৩ আগস্ট উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে শাহাজান শেখের পক্ষের মোশারেফ হোসেন খুন হন। এ ঘটনায় নিহত মোশারেফের ভাই আলামিন শেখ ৪২ জনের বিরুদ্ধে কালিয়া থানায় মামলা করেন। এর পর থেকে শেখপক্ষের লোকজন এলাকায় মোল্লাপক্ষের সমর্থকদের বড়িঘরে ভাঙচুর ও লুটপাট করে চলেছে। এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও তারা নীরব। এলাকার প্রত্যক্ষদর্শী সইতন বেগম, মালেকা বেগম, সখিনা বিবিসহ অনেকেই বলেন, মারামারির পর মোল্লাপক্ষের লোকজন বাড়িঘরে না থাকায় শেখপক্ষের লোকজন জোটবদ্ধ হয়ে মোল্লাপক্ষের লোকজনের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট চালাচ্ছে, গাছপালা কেটে নিয়ে যাচ্ছে, পুকুর-ঘেরের মাছ ধরে নিয়ে যাচ্ছে ও ঘরের ওপরে স্থাপিত সৌরবিদ্যুৎ প্যানেল খুলে নিয়ে যাচ্ছে। গ্রামে পুলিশ মোতায়েন থাকলেও এ অবস্থা চলছে। শামচ্ছুনাহার নুরি বলেন, ‘লুটপাটের সময় পুলিশরে কলি পুলিশ বাঁশি বাজাতি বাজাতি আসলি তাঁরা (হামলাকারী) চলি যায়। জমি থেকে ২০টি শ্যালো মেশিন নিয়ে গেছে। গ্রামের প্রায় ৭০টি পরিবারের বউ-ছেলেমেয়ে সন্ত্রাসীদের হাতে একপ্রকার জিমিঞ্চ হয়ে পড়িছে। গ্রামে পুলিশ থাকলেও এরা ভয় পাচ্ছে না। আমরা বাড়ির বাইরে যেতে পারছি না।’গ্রামে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) নওয়াব আলী বলেন, ‘পালাক্রমে আটজন করে পুলিশ এ গ্রামে পাহারা দিচ্ছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। বাড়িঘর ভাঙচুর, লুটপাটের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘এ ধরনের খবর শুনে ফোর্স নিয়ে গ্রামের উত্তরপাড়ায় গেলে খবর আসে, দক্ষিণপাড়ায় শুরু হয়েছে। তিনি দাবি করেন, বাড়িঘর ভাঙচুর কিংবা লুটপাট হচ্ছে না। তবে মাঝেমধ্যে হাঁস-মুরগি, গরু-ছাগল, পুকুরের মাছ চুরি হচ্ছে।’ বাবরাহাচলা ইউপির চেয়ারম্যান লিয়াকত হাসান বলেন, ‘মোশারেফ হোসেন খুন হওয়ার পর থেকে ওই গ্রামের ৭০-৮০টি পরিবারের পুরুষেরা ভয়ে গ্রাম ছেড়েছেন। এর পর থেকে গ্রামে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। ক্ষতিগ্রস্তরা এসব বিষয়ে আমার কাছে অভিযোগ দিয়েছেন। আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি।’ শাহাজান শেখ ও হেমায়েত শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হত্যাকাণ্ডের দিন গ্রামে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এরপর ভাঙচুর বা লুটপাটের কোনো ঘটনা ঘটেনি। গ্রামের কিছু পরিবারের নারীরা সাজানো ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।’ কালিয়া থানার ওসি মতিয়ার রহমান বলেন, মোশারেফ হত্যা মামলার এজাহারভুক্ত বেশির ভাগ আসামি এলাকাছাড়া। এ পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে।