কালীগঙ্গা নদী ভরাট বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালীগঙ্গা নদী ভরাট ও স্থাপনা নির্মাণ বন্ধে ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন তিন সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বিবাদীদের বলা হয়েছে।
জনস্বার্থে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ৯ নভেম্বর রিটটি করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।
রুলে নদীটির ভেতর গড়ে ওঠা স্থাপনা অপসারণের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের চেয়ারম্যান, মানিকগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, আকিজ পার্টিক্যালস বোর্ড লিমিটেডের মহাব্যবস্থাপকসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।