কালীগঙ্গা নদী ভরাট বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালীগঙ্গা নদীর জায়গা দখল করে কারখানা তৈরির অভিযোগ উঠেছে আকিজ পার্টিক্যালস বোর্ড লিমিটেডের বিরুদ্ধে। আজ রোববার বিকেলে ছবিটি তোলা হয়। ছবি: আবদুল মোমিন
কালীগঙ্গা নদীর জায়গা দখল করে কারখানা তৈরির অভিযোগ উঠেছে আকিজ পার্টিক্যালস বোর্ড লিমিটেডের বিরুদ্ধে। আজ রোববার বিকেলে ছবিটি তোলা হয়। ছবি: আবদুল মোমিন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালীগঙ্গা নদী ভরাট বন্ধে ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।

জনস্বার্থে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ৯ নভেম্বর রিট আবেদনটি করে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।

রুলে কালীগঙ্গা নদী দখল করে নির্মিত স্থাপনা অপসারণের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান, মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), আকিজ পার্টিক্যালস বোর্ড লিমিটেডের মহাব্যবস্থাপকসহ (জিএম) বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে জানান, কালীগঙ্গা নদীর জায়গা দখল করে আকিজ কোম্পানি স্থাপনা নির্মাণ করে পরিবেশ ও জলাধার সংরক্ষণ আইন ভাঙে। তাই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিআইডব্লিউটিএ জেলা প্রশাসককে চিঠি দেয়। এর পরও কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় রিটটি করা হয়।