কালীগঙ্গা সেতু খুলে দেওয়ার দাবিতে সিপিবির পথসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌর এলাকায় কালীগঙ্গা নদীর ওপর নবনির্মিত সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সেতুর উত্তর পাড়ে এক পথসভায় গতকাল শনিবার দলের জেলা শাখার নেতা-কর্মীরা এই দাবি করেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে বেউথা এলাকায় সেতুটির নির্মাণের কাজ শেষ হয়। কিন্তু এরপর সেতুটির নামকরণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এলজিইডি মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. রমজান আলীর নামে সেতুটির নামকরণে অনুমোদন দিয়েছে। রমজান আওয়ামী লীগের নেতা থাকলেও সরকারি দল চাচ্ছে না তাঁর নামে সেতুটি হোক। এ কারণে সেতুটি উদ্বোধন না হওয়ায় যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া যাচ্ছে না।
এদিকে সেতুটি খুলে না দেওয়ায় মানিকগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডসহ জেলার সদর উপজেলার দক্ষিণ-পশ্চিম, ঘিওর উপজেলার পূর্ব-দক্ষিণাঞ্চল ও হরিরামপুর উপজেলার বাসিন্দাদের জেলা শহরে আসতে ভোগান্তি পোহাতে হচ্ছে। গত ১১ আগস্ট প্রথম আলোয় ‘সেতু উদ্বোধন না হওয়ায় ভোগান্তি’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
জনসাধারণের ভোগান্তি কমাতে সিপিবির নেতা-কর্মীরা এ পথসভার আয়োজন করেন। এতে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি আজাহারুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সভাপতি মজিবর রহমান, মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন, যুব ইউনিয়নের জেলা শাখার সাধারণ সম্পাদক আরশেদ আলী, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
সিপিবির নেতা আজাহারুল ইসলাম বলেন, জনগণের টাকায় সেতুটি নির্মাণ করা হয়েছে। অথচ তাঁদের জন্য সেতুটি খুলে দেওয়া হচ্ছে না। নামকরণ নিয়ে জটিলতা সৃষ্টি করে জনগণকে ভোগান্তিতে ফেলা যাবে না।