কালীগঞ্জ আ.লীগ ও যুবলীগে কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে দলীয় নেতারা দলে বিভাজন সৃষ্টির অভিযোগ এনেছেন। তাঁরা তাঁকে ভূমিদস্যু, সরকারি জমি দখলকারী, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ আখ্যায়িত করে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে জামায়াতের সঙ্গে আঁতাতের অভিযোগও আনা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামান এসব অভিযোগ করেন। এর আগে গত ১ জুন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদাক সাঈদ মেহেদী সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন। গতকালের সংবাদ সম্মেলনে শেখ ওয়াহেদুজ্জামান বলেন, সাঈদ মেহেদী যুবলীগের নেতা হয়েও চারদলীয় জোট প্রতিনিধিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে রাজনৈতিক আঁতাত করেন। এর ফলে গত উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর (শেখ ওয়াহেদুজ্জামান) পরাজয় ঘটে। কিন্তু সাঈদ মেহেদী ভাইস চেয়ারম্যান পদে জয়ী হন। জোট সরকারের কাছ থেকে তিনি পুরস্কার হিসেবে মৎস্য প্রকল্পের জন্য এক কোটি চার লাখ টাকা ঋণ নেন। সাঈদ মেহেদী পরিকল্পিতভাবে তাঁর মৎস্য খামারে বিষ ঢেলে কালীগঞ্জ আওয়ামী লীগের ১৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। সংবাদ সম্মেলনে সাঈদ মেহেদী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে কালীগঞ্জের ৩৬টি খালের ২৬টি দখল করে নেওয়ার অভিযোগ তোলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সাঈদ মেহেদী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জানান, কমিটির ৩৬ জন সদস্য গত ৯ মে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় শেখ ওয়াহেদুজ্জামানের বিরুদ্ধে অনেক অভিযোগ তোলা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, শেখ ওয়াহেদুজ্জামান নেতা-কর্মীদের জমি দখল, নানাভাবে হয়রানিসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত। বিষয়টি তদন্তের জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।