কালীগঞ্জ উপজেলা আ.লীগে বিরোধ, সংঘর্ষের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার দ্বন্দ্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। ইতিমধ্যে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, সভা, এমনকি মামলাও করেছে। এ অবস্থায় কোনো সময় বড় ধরনের অঘটন ঘটার আশঙ্কা করছে খোদ পুলিশ প্রশাসন।উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রহমান খান জানান, গত ৯ মে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় ৩৬ জন সদস্য সভাপতি শেখ ওয়াহেদুজ্জামানের বিরুদ্ধে ৩৮ দফা অভিযোগ দাখিল করেন। অভিযোগে ওয়াহেদুজ্জামানের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের জমি দখল, নানাভাবে হয়রানি, নেতা-কর্মীদের মূল্যায়ন না করে জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের সমর্থন করার কথা বলা হয়। এ আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আবু নাছিমকে প্রধান করে আট সদস্যের কমিটি গঠন করা হয়।এদিকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ মেহেদি ১ জুন সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওয়াহেদুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাহার হোসেনের চিংড়িঘের লুট, সাধারণ সম্পাদক আসাদু্জ্জামানকে একাধিকবার অসম্মান করা, শ্রমবিষয়ক সম্পাদক আবু তালেব সরদারকে প্রকাশ্যে মারপিট, সমাজকল্যাণ সম্পাদক আল-মামুন সরদারের বাড়ি ভাঙচুরসহ চিংড়িঘের দখল ও সাংগঠনিক সম্পাদক রিয়াজকে লাঞ্ছিত করা।এ ব্যাপারে শেখ ওয়াহেদুজ্জামান বলেন, তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এসব অপপ্রচার চালানো হচ্ছে। তিনি ও তাঁর দুই ছেলে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাঁর বিরুদ্ধে যাঁরা অভিযোগ করেছেন, পরে তাঁদের অনেকেই জানিয়েছেন ভুল বুঝিয়ে তাঁদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রহমান খান এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ মেহেদি জানান, তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তাঁদের ওপর হামলা হতে পারে। সাঈদ মেহেদি জানান, ৮ জুন রাতে তাঁর একটি মাছের খামারে বিষ দেওয়া হয়েছে। এতে তাঁর ৮-১০ লাখ টাকার মাছ মরে গেছে। ওয়াহেদুজ্জামানের বিরুদ্ধে যাঁরা অভিযোগ করেছেন, তাঁদের বাসশ্রমিকদের দিয়ে ভয় দেখানো হচ্ছে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদউদ্দিন জানান, উপজেলা আওয়ামী লীগের দ্বন্দ্ব এখন চরমে। যেকোনো সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।