কালীগঞ্জ থানা চত্বর থেকে কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কালীগঞ্জ থানায় কর্মরত কনস্টেবল লুত্ফর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার রাতে থানা চত্বরের একটি কুলগাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, লুত্ফর রহমান রাত ১১টা পর্যন্ত ব্যারাকেই ছিলেন। এরপর তাঁকে পাওয়া যাচ্ছিল না। সাড়ে ১১টার দিকে কনস্টেবল সচীন বিশ্বাস ও থানার গাড়িচালক শাহজাহান আলী থানা চত্বরের কুলগাছে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় লুত্ফরকে দেখতে পান। তাঁকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক লুত্ফরকে মৃত ঘোষণা করেন।ময়নাতদন্ত শেষে লুত্ফরের মরদেহ তাঁর বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাটমাচা গ্রামে পাঠানো হয়েছে। এ ব্যাপারে উপপরিদর্শক (এসআই) রবীন্দ্রনাথ মণ্ডল একটি অপমৃত্যুর মামলা করেছেন।