কালীগঞ্জ থেকে তিন স্কুলছাত্রী উদ্ধার, আটক ২
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহর থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গত বুধবার সন্ধ্যায় কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে তিন স্কুলছাত্রীকে উদ্ধার করেছে কোটচাঁদপুর থানার পুলিশ। এ সময় পাচারকারী সন্দেহে দুজনকে আটক করা হয়। আটক দুই ব্যক্তি হলেন জেলার কোটচাঁদপুর উপজেলার সিংদিয়া গ্রামের ফাতেমা বেগম ও একই গ্রামের ছানার উদ্দিন মণ্ডল। উদ্ধার হওয়া ছাত্রীরা স্থানীয় নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে।কোটচাঁদপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, সিংদিয়া গ্রামের ওই তিন ছাত্রী বুধবার সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় তাদের ঢাকায় পোশাক কারখানায় কাজ দেওয়ার নাম করে ফুসলিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যান ফাতেমা বেগম ও ছানার উদ্দিন মণ্ডল। ছাত্রীদের কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। এদিকে ছুটির পরও মেয়েরা বাড়িতে না পৌঁছানোয় অভিভাবকেরা খোঁজাখুঁজি করতে থাকেন। এমন সময় খবর আসে, তারা কালীগঞ্জ শহরে অবস্থান করছে ও তাদের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।এ খবরে পুলিশ অভিযান চালিয়ে ওই তিন ছাত্রীকে উদ্ধার ও পাচারকারীদের আটক করে।