কালীগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে গত শনিবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। শ্যামনগরে যাত্রীবাহী বাস ভাঙচুরের ক্ষতিপূরণ ও এই ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিদের গ্রেপ্তারের দাবিতে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছে। পুলিশ জানায়, ২০ জুন সকাল ১০টায় কলেজে আসার পথে শ্যামনগর মহসীন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. কামরুজ্জামানকে (১৯) ভাড়া নিয়ে বাস শ্রমিকেরা মারধর করে। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্ররা কলেজের সামনের কালীগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে ছাত্র ও স্থানীয় লোকজন ২০টি বাস ভাঙচুর করে। পরে শ্রমিকেরা কলেজে ভাঙচুর চালায়। এসব ঘটনায় উভয় পক্ষ শ্যামনগর থানায় পাঁচটি মামলা করেছে। এ নিয়ে ২২ জুন প্রথম আলোতে ‘শ্যামনগরে বাস শ্রমিক-গ্রামবাসী সংঘর্ষে আহত ৪০, গাড়ি ভাঙচুর’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়েছে। কালীগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাদেকুল রহমান জানান, বাসের ক্ষতিপূরণ ও মামলার প্রধান আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে।