কালীগঞ্জে আ.লীগ নেতা হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনন্দ মোহন ঘোষকে হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আবদুল মান্নান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন, পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান, নিহত ব্যক্তির ছোট ভাই মামলার বাদী তপন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
আবদুল মান্নান বলেন, মোহন ঘোষ হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এমনকি ঝিনাইদহ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম ওরফে আনার ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ওরফে ঠান্ডুকে ওই হত্যা মামলায় হুকুমের আসামি করা হলেও পুলিশ তাঁদের নামে মামলা নেয়নি। বর্তমানে আসামিরা নানাভাবে হত্যা মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এ নিয়ে আঞ্চলিক একটি দৈনিকে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া মামলার বাদী ও তাঁর পরিবার আসামিদের হুমকি-ধমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বাদীপক্ষ মামলা দিতে বিলম্ব করেছে। কাকে তাঁরা আসামি করবে, সেটা তাঁদের ব্যাপার। তিনি বলেন, মামলার তদন্ত শেষে প্রকৃত হত্যাকারীদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৭ জানুয়ারি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় হামলা চালানো হয়। এতে আনন্দ মোহন ঘোষসহ কমপক্ষে ১০ জন নেতা-কর্মী আহত হন। ওই দিন রাতেই যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনন্দ মোহন মারা যান।