সাতক্ষীরার কালীগঞ্জের ফতেপুরে একটি নাটক মঞ্চস্থ করাকে কেন্দ্র করে উপজেলায় নতুন করে কয়েকটি বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় চাকদাহ গ্রামে রোববার রাতে চারটি বাড়িতে নতুন করে হামলার এই ঘটনা ঘটে। এর বাইরে আরও তিন বাড়িতে লুটপাট চালানো হয়। এর আগেও ফতেপুর গ্রামের কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়।গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে ২৭ মার্চ ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ে হুযুর কেবলা নাটকটি মঞ্চস্থ হয়। নাটকে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এর জের ধরে শুক্রবার ও শনিবার তৌহিদি জনতার ব্যানারে বিভিন্ন এলাকা থেকে মানুষ ফতেপুর গ্রামে জড়ো হয়। পরে বিক্ষুব্ধ জনতা চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। জ্বালিয়ে দেওয়া হয় একটি ব্যবসাপ্রতিষ্ঠানও। ভাঙচুর চালানো হয় দুটি বিদ্যালয়ে।একই ঘটনার জের ধরে রোববার রাত নয়টার দিকে কয়েক শ মানুষ চাকদাহ গ্রামের শ্যামাপদ সরদার, কৃষ্ণপদ সরদার, সুধীর সরদার ও রণজিত সরদারের বাড়িতে হামলা চালায় ও আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া নিরঞ্জন সরদার, শিবুপদ সরদার ও সজিত সরদারের বাড়িতে লুটপাট চালানো হয়।গ্রামের শ্যামাপদ সরদার ও রণজিত সরদারের ভাই বিশ্বজিৎ সরদার বলেন, রোববার রাতে একদল মানুষ তাদের বাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। এ সময় তাঁরা ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে বাড়ি থেকে সবকিছু লুট করে নিয়ে যাওয়া হয়। চারটি বাড়ি পেট্রল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশ থাকলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।পরপর সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন হাওলাদার বিশেষ সভা ডাকেন। তাঁর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংসদ শেখ মুজিবুর রহমান, সাংসদ আব্দুল জব্বার, জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির নেতা মুস্তফা লুৎফুল্লাহ, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মুখার্জি ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধু। বক্তারা সহিংস ঘটনার জন্য পুলিশ ও জেলা প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।খুলনা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, সাতক্ষীরার পুলিশ সুপার হাবিবুর রহমান খানকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে আজকের (মঙ্গলবার) মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একইভাবে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফরিদউদ্দিনকে রাজশাহী রেঞ্জে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সেখানে দাঙ্গা পুলিশসহ প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিজিবি ও র্যাবের সদস্যরা টহলে রয়েছেন। জেলা প্রশাসক আনোয়ার হোসেন বলেন, ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিম হাসানকে প্রধান করে পাঁচ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।