কালীগঞ্জে ইউএনওর বিরুদ্ধে শিক্ষকদের অভিযোগ
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে অবৈধভাবে অর্থ দাবি, টাকা না দেওয়ায় অপমান, যখন তখন গালিগালাজ করার অভিযোগ করেছেন শিক্ষকেরা। গত বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে শিক্ষকদের পক্ষে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে ইউএনওর অপসারণ ও শাস্তি দাবি করা হয়।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ১৫ জুলাই ইউএনও মো. আবুল কালাম এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা দেওয়ার জন্য উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের নিয়ে সভা করেন। এতে বলা হয়, যেসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে, সেসব বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর বিপরীতে সাত টাকা ধার্য করা হয়েছে। নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী এতে আপত্তি করলে তাঁকে তিরস্কার করা হয়। চাম্পাফুল আচার্য প্রফুল্ল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম আপত্তি করলে তাঁকে সভাস্থল ছেড়ে চলে যেতে বলেন ও পুলিশে দেওয়ার হুমকি দেন। তিনি চলে যেতে চাইলে তাঁকে মাফ চাইতে বাধ্য করা হয়।এ বিষয়ে ইউএনও মো. আবুল কালাম মুঠোফোনে বলেন, সভায় একজন শিক্ষককে ঠিক হয়ে বসার পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি শিক্ষকদের বলেন, সংবর্ধনার জন্য এক লাখ ৩৬ হাজার টাকা লাগবে। এর মধ্যে সংবর্ধনা কমিটি কিছু টাকা জোগাড় করতে পারবে, বাকি অর্থ তাঁদের সহযোগিতায় করতে হতে পারে। তাঁর বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।