সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার মোটরসাইকেলের ধাক্কায় এক নারী ইউপি সদস্য নিহত হয়েছেন। বাগেরহাট শহরে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরা: সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের ভাড়াসিমলা মোড়ে মঙ্গলবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় শাওন সুলতানা (৪২) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কাকশিয়ালী গ্রামের গাজী মোস্তাক আহমেদের স্ত্রী ও কালীগঞ্জের তারালি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দুইটার দিকে শাওন সুলতানা সাতক্ষীরা থেকে বাসে করে এসে কালীগঞ্জের ভাড়ামিসলা মোড়ে নামেন। এরপর রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।বাগেরহাট: বাগেরহাট-খুলনা সড়কের বাগেরহাট শহরের দশানী সার্কিট হাউসের সামনে গতকাল বুধবার সকাল পৌনে আটটার দিকে পিকআপ ভ্যানের চাপায় কেরামত আলী মোড়ল (৭০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। কেরামত আলীর বাড়ি বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামে।