কালীগঞ্জে উদ্ধার হওয়া শিশু আদালতের নির্দেশে নিরাপত্তা হেফাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ থানার পুলিশ ২১ অক্টোবর বিকেলে তুষভান্ডার রেলস্টেশন এলাকা থেকে একটি শিশুকে উদ্ধার করেছে। তার বয়স আনুমানিক নয় বছর। পুলিশ বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে নিরাপত্তা হেফাজতে পাঠিয়েছে।
লালমনিরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর কবীর শিপন অপহৃত শিশুটির জিজ্ঞাসাবাদ করেন। এ সময় শিশুটি জানায়, তার নাম আশিক। তার বাবার নাম আমীর আলী শেখ। সে রাজবাড়ীর পাংশা উপজেলার অচিনতলা বস্তিতে মা-বাবার সঙ্গে থাকত। কয়েকজন অপরিচিত লোক তাকে খেলনা কিনে দেওয়ার কথা বলে রাজবাড়ীর ট্রেনে তোলে। একপর্যায়ে সে ট্রেনেই ঘুমিয়ে পড়ে। এ ছাড়া সে আর কিছু বলতে পারে না।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন বলেন, ‘আমি পাংশা থানার ওসির সঙ্গে বুধবার একাধিকবার কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন—পাংশা থানায় এ সংক্রান্ত কোনো জিডি বা মামলা নেই। এ ছাড়া এ ধরনের কোনো খবরও তার জানা নেই।’
লালমনিরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর হোসেন শিপন বলেন, উদ্ধার করা শিশু আশিককে জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে নিরাপত্তা হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে শিশুটি নিরাপত্তা হেফাজতে রয়েছে। তার অভিভাবকদের উপযুক্ত প্রমাণসহ লালমনিরহাটের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।