কালীগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা খেল পিকআপ, নিহত ৪
গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালকসহ চারজন নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বাইপাস সড়কে শ্রমিকদের বহন করা পিকআপটি গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ইসলাম উদ্দিনের ছেলে রেণু মিয়া (৩০), মোসলেম মিয়ার ছেলে ফরিদ মিয়া (২৯) ও মনোয়ার আলীর ছেলে ফরিদ হোসেন (২৮)। তাঁরা সবাই দিনমজুরের কাজ করতেন। এ ছাড়া নিহত পিকআপ চালকের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থেকে গতকাল সকালে একটি পিকআপ ২৩ জন শ্রমিক নিয়ে নেত্রকোনার কলমাকান্দায় যাচ্ছিল। পথে পিকআপের সব যাত্রী ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে সাতটার দিকে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বাইপাস সড়কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপের পেছনের অংশ ভেঙে রাস্তার পাশের খাদে পড়ে যায়। আশপাশের লোকজন ও পুলিশের সহায়তায় হতাহত ব্যক্তিদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাঁদের মধ্যে আটজনকে গুরুতর অবস্থায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে। তাঁরা হলেন মো. আলম (১৯), আনোয়ার হোসেন (২০), কামাল হোসেন (২৫), মান্নান মিয়া (১৮), মোজাম্মেল হক (২২), রশিদ মিয়া (৪০), শান্ত মিয়া (৫০) ও আলী হোসেন (২৫)। আহত অন্যান্যের মধ্যে শামসুল মিয়া (৬০), লিটন মিয়া (২২), নুরু মিয়া (২০), হাদিস শেখ (১৮), লিটন মিয়া (২৫), মজনু শেখ (৪০), হৃদয় হোসেন (১৯) ও মাসুদ মিয়া (৩৫) কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তারিক হাসান বলেন, আটজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, নিহত চারজনের সবাই পিকআপের সামনে বসা ছিলেন। চারজনের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে গত শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ইটাহাটা এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে ছয়জন নিহত হন।