কালীগঞ্জে গৃহবধূকে অপহরণের অভিযোগ, একজন গ্রেপ্তার
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার গৃহবধূর ননদ বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন। অপহরণকারী সন্দেহে পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার এক মেয়ের সঙ্গে কালীগঞ্জ উপজেলার এক তরুণের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর মেয়েটির সঙ্গে স্থানীয় এক তরুণের সম্পর্ক হয়। বিষয়টি জানাজানি হলে শ্বশুরবাড়ির লোকজন মেয়েটিকে শাসন করেন। বর্তমানে তাঁর স্বামী অসুস্থ হয়ে বাড়িতে চিকিৎসাধীন। এ অবস্থায় গত মঙ্গলবার রাতে ওই তরুণের নেতৃত্বে কয়েকজন মেয়েটিকে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় মেয়েটির ননদ থানায় মামলা করেন। গতকাল কালীগঞ্জ পৌর এলাকা থেকে ওই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুপুরে তাঁকে গাজীপুর আদালতে তোলা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বলেন, ‘গৃহবধূকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে।’