কালীগঞ্জে গোলযোগ আজ হরতাল
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় কয়েকটি কেন্দ্রে গতকাল শনিবার ভোট গ্রহণকালে গোলযোগ হয়েছে। রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছ থেকে রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম খোকনকে একটি পিস্তলসহ আটক করা হয়েছে।
সরাত আলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াত-সমর্থকদের ভোট ডাকাতিতে বাধা দেওয়ায় রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী (৪২) গুলিবিদ্ধ হন।
এদিকে ভদ্রখালী কেন্দ্রে দুজন জামায়াত কর্মীকে মারধর করেন আওয়ামী লীগের কর্মীরা। পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সাংবাদিক পরিচয় দেওয়া জামায়াতের এক কর্মী রবিউল ইসলাম ওরফে বাবুকে মারধর করা হয়। ভোট প্রদানে কর্মীদের বাধা ও ভোট ডাকাতির অভিযোগে বিকেল সাড়ে পাঁচটায় জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলনে ভোট বর্জন এবং উপজেলায় আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে।
রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান কবীর জানান, তিনি বেলা ১১টার দিকে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পান। এ সময় তিনি দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালকে মুঠোফোনে খবর দেন। তিনি এসে পরিস্থিতি শান্ত করতে গুলির নির্দেশ দিলে পুলিশ চারটি গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ আশরাফুল ইসলামকে আটক করা হয়।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মহসিন আলী বলেন, নির্বাচনে ছোটখাটো দুই-তিনটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।