কালীগঞ্জে ছাত্রলীগের পাল্টাপাল্টি হামলা
ঝিনাইদহের কালীগঞ্জে মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল শনিবার দুপুরে ছাত্রলীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের একজন আহত হয়েছে। এ সময় পাল্টা হামলায় পুলিশের এক উপপরিদর্শকও (এসআই) আহত হন। পরে শহরের দুটি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে কালীগঞ্জ শহরের মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে নতুন ছাত্রদের ফুল দিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের পক্ষ সুমনের নেতৃত্বে শুভেচ্ছা জানায়। এ সময় অপর পক্ষ কালীগঞ্জ পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেজবাউল হাসনাতের লোকজন সুমনকে মারধর করে। এর জের ধরে পরে জাহাঙ্গীরের সমর্থকেরা ক্যাম্পাসে এসে মেজবাউলের সমর্থকদের খুঁজতে থাকে। সেখানে কাউকে না পেয়ে তারা শহরের বাস টার্মিনালে গিয়ে মেজবাউলের সমর্থক পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করে। এতে মেজবাউলের সমর্থকেরা উত্তেজিত হয়ে রাস্তায় একটি পুলিশ ভ্যানের ওপর হামলা চালায়। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারাধন কুণ্ডু আহত হন। ঘটনার সময় শহরের শ্রীলক্ষ্মী সিনেমা হল ও প্রধান বাসস্ট্যান্ডে দুটি বোমার বিস্ফোরণ ঘটে। উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, ছাত্রলীগের কর্মী সুমনকে প্রতিপক্ষরা প্রথমে মারধর করে। এ কারণে ওই পক্ষের ক্ষুব্ধ কর্মীরা শহরের বাস টার্মিনাল এলাকায় গিয়ে প্রতিপক্ষের নেতা-কর্মীদের খুঁজতে থাকে। এ সময় পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। তবে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। কালীগঞ্জ পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেজবাউল হাসনাত দাবি করেন, সুমন সিনিয়র নেতাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে ঘটনার সূত্রপাত হয়। তাঁকে কেউ মারধর করেনি। ছাত্রলীগের কেউ এই হামলার সঙ্গে জড়িত নয়। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, শহরে কোনো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। তবে পটকার বিস্ফোরণ ঘটানো হতে পারে।