কালীগঞ্জে জাপা নেতা আজম খানের খামারে ভাঙচুর, লুট
গাজীপুরের কালীগঞ্জে জাতীয় পার্টির (মঞ্জু) সভাপতিমণ্ডলীর সদস্য আজম খানের মালিকানাধীন নারগানা এগ্রো কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়েছে। গত সোমবার বিকেল পাঁচটা থেকে টানা রাত ১০টা পর্যন্ত এ ঘটনা ঘটে। খামারের শ্রমিক-কর্মচারীরা জানান, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কালীগঞ্জের জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মাস্টারের নেতৃত্বে ৬০-৭০ জন লোক মোটরসাইকেল, টেম্পো, স্থানীয়ভাবে তৈরি যানবাহন টমটমে করে খামারের সামনে আসে। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লাঠি, লোহার পাইপ, শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় খামারের কর্মচারীরা পালিয়ে আত্মরক্ষা করেন। সন্ত্রাসীরা খামারের ভেতরে প্রবেশ করে নানা জাতের দেশি-বিদেশি ফলের গাছ ও বিভিন্ন গাছের চারা কেটে ও উপড়ে ফেলে। ১০ একরেরও বেশি জমিতে করা খামারটিতে সন্ত্রাসীরা একাধিক দলে ভাগ হয়ে খামারের অফিসকক্ষ, কর্মচারীদের থাকার ঘর ও বাংলোর দরজা-জানালা, চেয়ার-টেবিলসহ আসবাবপত্র, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, টেলিভিশন ভেঙে ফেলে। সন্ত্রাসীরা খামারের দুটি বানরকে মেরে পাশের শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। তারা তিনটি রাজহাঁস জবাই করে এবং দুটি বড় খাসি ও চারটি খরগোশ নিয়ে যায়। এ ছাড়া নয়টি পেডেস্টাইন ফ্যান, চারটি সিলিং ফ্যান, লেপ-তোষক, বহনযোগ্য কিছু আসবাবপত্র যন্ত্রচালিত নৌকায় করে নিয়ে যায়।এ ব্যাপারে আওয়ামী লীগের ফারুক মাস্টারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হামলায় নেতৃত্ব দেওয়ার কথা অস্বীকার করে বলেন, এলাকার কয়েকজন নিরীহ লোকের জমি দখল করে খামারটি করা হয়েছে। এখানে অসামাজিক কার্যকলাপ চলে। এ নিয়ে দীর্ঘদিন এলাকাবাসীর মনে ক্ষোভ ছিল। হামলাটি ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে।আজম খান মুঠোফোনে জানান, স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা হামলা-লুটপাট করেছে। সন্ত্রাসীদের দলীয় পরিচয় সম্পর্কে তিনি কোনো কথা বলেননি।