সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দুই গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা জাতীয় পার্টির (জাপা) নেতাসহ ১৬ জনকে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, মোশারফ হোসেনসহ ১৬ জন গতকাল সাতক্ষীরা বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের হাকিম মিল্টন হোসেন তাঁদের জামিনের আবেদন নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আসামিরা হলেন: কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, রতনপুর ইউনিয়নের পীরগাজন গ্রামের মাসুম বিল্লাহ, দক্ষিণ শ্রীপুর গ্রামের জুলফিকার আলী সাঁফুই, তাঁর ছেলে ডাবলু সাঁফুই, একই গ্রামের আবু সাঈদ, ছিদ্দিক গাজী, মিলন গাজী, মিন্টু গাজী, মান্নান গাজী, উত্তর শ্রীপুর গ্রামের হাসান গাজী, জহুর আলী পাড়, শ্রীকলা গ্রামের শফিকুল শেখ, মাহমুদ আলম, গোবিন্দপুর গ্রামের আহসান হাবিব, কালিকাপুর গ্রামের শেখ আফছার আলী ও শুরপুর গ্রামের মোস্তফা তরফদার।এদিকে, ফতেপুর ও চাকদাহে সহিংসতার ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত দল তদন্ত শুরু করেছে। তিন সদস্যবিশিষ্ট তদন্ত দলের সদস্য যুগ্ম সচিব আবু ছালেহ শেখ মো. জহিরুল হক, উপসচিব মোস্তাফিজুর রহমান ও জ্যেষ্ঠ সহকারী সচিব মাহাবুবর রহমান গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাতক্ষীরা সার্কিট হাউসে ঘটনার প্রত্যক্ষদর্শী, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের জবানবন্দি গ্রহণ করেন।২৭ মার্চ স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে ৩১ মার্চ ও ১ এপ্রিল ফতেপুর ও চাকদাহ গ্রামে সংখ্যালঘুদের কয়েকটি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কালীগঞ্জ থানায় চারটি মামলা হয়। মামলায় এজাহারভুক্ত উপরোক্ত ১৬ জন গত ১২ এপ্রিল হাইকোর্ট থেকে আগাম জামিন পান। গতকাল জামিনের মেয়াদ শেষ হওয়ায় তাঁরা আদালতে হাজির হয়ে আবার জামিনের আবেদন করেন।