কালীগঞ্জে জামায়াতের হরতালে গাড়ি ভাঙচুর সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার আমির মোসলেম উদ্দীনকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল গতকাল শনিবার পালিত হয়েছে। সকাল থেকে হরতাল চলাকালে জামায়াত-শিবিরের কর্মীরা ১৪টি ট্রাক ও পিকআপ ভাঙচুর করেন। তাঁরা গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় উপজেলার নলতা, ঘোড়াপোতা ও বেজোড়আটি এলাকায় ১৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে কালীগঞ্জ-শ্যামনগর সড়কের ঘোড়াপোতা এলাকায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করলে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ তা সরিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের বাধার মুখে মিছিল করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় উপজেলা সদর ও নলতা এলাকার অধিকাংশ দোকান বন্ধ থাকে। কোনো প্রকার যানবাহন চলেনি।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আযম খান জানান, সড়ক অবরোধ তুলে দেওয়া হয়েছে। কয়েকটি বিস্ফোরণ ঘটালেও কেউ আহত হয়নি। গত বৃহস্পতিবার দুপুরে জামায়াতের কালীগঞ্জ উপজেলার আমির মোসলেম উদ্দীনকে কালীগঞ্জ কলেজ মোড় থেকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে হরতালে নাশকতা, যানবাহন ভাঙচুর ও গাছ কেটে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে।