কালীগঞ্জে টঙ্গী-ঘোড়াশাল সড়কে ট্রাক আটকে ১০ কিমি যানজট
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকায় টঙ্গী-ঘোড়াশাল সড়কের রেলক্রসিংয়ে ওঠার মুখে বড় গর্তে অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক আটকে যায়। এতে ব্যস্ততম ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সিলেট থেকে পাথর বোঝাই করে টঙ্গী আনার পথে ট্রাকটি (কুষ্টিয়া-ট-১১-০৪৫৬) দুর্ঘটনাকবলিত হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন বিকেল পাঁচটার দিকে আটকে যাওয়া ট্রাক থেকে পাথর নামিয়ে এটিকে সড়কের পাশে সরিয়ে নেওয়ার পর আবার যান চলাচল শুরু হয়। কিন্তু অপ্রশস্ত ও এক লেনের সড়ক হওয়ায় দুর্ঘটনাকবলিত এলাকা দিয়ে একটি একটি করে গাড়ি অতিক্রম করতে হয়। এতে সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাত ১০টায় এ খবর লেখার সময় টঙ্গী থেকে কালীগঞ্জের তুমুলিয়া পর্যন্ত ১০ কিলোমিটার যানজট লেগে ছিল। ঘটনাস্থলসংলগ্ন লেভেল ক্রসিংয়ের (ই-৭০) দায়িত্বপ্রাপ্ত রেলের কর্মচারী মো. সোলাইমান (৫০) জানান, ক্রসিংয়ের উভয় পাশের সড়ক ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই এই গর্তে এক বা একাধিক মালবোঝাই গাড়ি আটকে যাচ্ছে। ১৪ আগস্ট দুপুরে একটি পাথরবোঝাই ট্রাক রেললাইন ঘেঁষে আটকে পড়ে। এ সময় কিশোরগঞ্জ থেকে ভৈরব হয়ে কমলাপুরগামী এগারসিন্দুর ট্রেন এসে পড়লে জরুরি সিগন্যাল দিয়ে ট্রেন থামিয়ে দেওয়া হয়।একই স্থানে পালা করে দায়িত্ব পালন করেন রেলকর্মচারী আবুল খায়ের (৩৫)। তিনি বলেন, রেললাইনের দুই পাশের সড়ক অনেক দিন ধরে সংস্কারবিহীন অবস্থায় আছে। ২০-২২ দিন ধরে ভেঙে এমন অবস্থা হয়েছে যে এখন একে সড়ক বলা মুশকিল। দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক তৌহিদুল ইসলাম (৩৫) জানান, ২০ চাকার মালবাহী ট্রাকটির ধারণক্ষমতা ২০ টন। তিনি স্বীকার করেন, ট্রাকে আনুমানিক ২৮ টন মাল বোঝাই ছিল। এর কারণ জিজ্ঞেস করলে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘আমরা মাল বেশি না ভরলে পুলিশ খাবে কী!’ কথাটির ব্যাখ্যা চাইলে তিনি বলেন, পথে ১২টি স্থানে পুলিশকে চাঁদা দিয়ে অতিরিক্ত মাল আনা-নেওয়া করা হয়। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে ৩০০ টাকা, নরসিংদী পুলিশ লাইনের সামনে অথবা পাঁচদোনায় ২০০ টাকা দিতে হয়। এ ছাড়া ভৈরব, বাড়িচা, ইটাখোলা, আশুগঞ্জ, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, শেরপুর (সিলেট), আউশকান্দি, গোয়ালাবাজার, সিলেট বাইপাস প্রতিটি স্থানে পুলিশকে ১০০ টাকা করে চাঁদা দিতে হয়।