কালীগঞ্জে ডাকাতি আহত ২
ঝিনাইদহের কালীগঞ্জের সুবর্ণস্বারা গ্রামে দুই বাড়িতে গত রোববার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল হাতবোমা ফাটিয়ে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল লুট করে। ডাকাতদের হামলায় দুই গ্রামবাসী আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী সুবর্ণস্বারা গ্রামের অমল কুমার জানান, তাঁরা রাতে গ্রাম পাহারা দেন। রোববার রাতেও চারজন পাহারায় ছিলেন। রাত দুইটার দিকে দুজন বাড়িতে যান। অপর দুজন পাহারায় থাকা অবস্থায় রাত আড়াইটার দিকে ১৫-১৬ জনের একদল ডাকাত তাঁদের ওপর চড়াও হয়। ডাকাতেরা তাঁদের মারধর করে বেঁধে রেখে গ্রামের সাধন কুমার ও নিতাই কুমারের বাড়িতে ডাকাতি শুরু করে। তাঁদের চিৎকারে গ্রামবাসী ছুটে আসেন। মুঠোফোনে তাৎক্ষণিকভাবে সুবর্ণস্বারা পুলিশ ফাঁড়ির সদস্যদের জানানো হলেও তাঁরা সহযোগিতায় এগিয়ে আসেননি। এ সময় গ্রামবাসী ডাকাতদের প্রতিরোধ করতে গেলে তারা ছয়-সাতটি বোমা ছুড়ে মারে। এতে গ্রামের স্বপন কুমার (৪০) ও বিকাশ কুমার (৩৫) নামের দুজন আহত হন। প্রায় আধা ঘণ্টা ধরে ডাকাতেরা লুটপাট চালায়।এলাকাবাসীর অভিযোগ, ডাকাতেরা চলে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পর মাত্র তিন-চার শ গজ দূরে থাকা ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে আসে। এ ব্যাপারে ওসি সৈয়দ কামরুজ্জামান জানান, পুলিশের পৌঁছাতে একটু দেরি হয়েছিল।