গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেরুয়ায় গত বৃহস্পতিবার একটি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তরের স্তম্ভ, মঞ্চসহ চেয়ার-বেঞ্চ ভাঙচুর এবং নির্মাণকারীদের ওপর হামলা হয়েছে। যুবলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।তবে গতকাল শুক্রবার এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের পর ওই মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা আজম খানের গ্রামের বাড়ি বেরুয়ায় গতকাল ‘আজম খান মেডিকেল কলেজ’ নামের একটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল। কিন্তু গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ভিত্তিপ্রস্তরের স্তম্ভ, মঞ্চ, হাসপাতালের সাইনবোর্ড, খুঁটি, চেয়ারসহ বিভিন্ন আসবাব ভাঙচুর ও হামলা চালান। হামলায় আজম খানের ভাই হাজি শরীফ খান, মো. ওয়াকিল, দেলোয়ার হোসেনসহ পাঁচ-ছয়জন গ্রামবাসী আহত হয়েছেন।তবে গতকাল সকালে ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বেরুয়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন হাজি শরীফ হোসেন, আতাউর রহমান, মোজাফফর খান প্রমুখ।সমাবেশে বক্তারা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগেই ভাঙচুর করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।হাসপাতালের প্রতিষ্ঠাতা আজম খান জানান, স্থানীয় সাংসদ মেহের আফরোজের নির্দেশেই যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা হাসপাতালের নির্মাণকাজ বন্ধ করতে এই হামলা চালিয়েছেন। উপজেলা যুবলীগের সভাপতি শরীফুল ইসলাম জানান, কারা ওই স্থানে হামলা চালিয়েছে, সে বিষয়ে তাঁর কিছুই জানা নেই।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।