কালীগঞ্জে পানবরজে ফের আগুন, চাষিদের সড়ক অবরোধ
ঝিনাইদহের কালীগঞ্জে গতকাল শনিবার সকালে আবারও পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একের পর এক পানবরজে অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে এলাকার পানচাষিরা ক্ষুব্ধ হয়ে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হলে তাঁদের অনুরোধে অবরোধ তুলে নেন চাষিরা।একের পর এক পানবরজে আগুন লাগানোর সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে প্রশাসনকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন অবরোধকারীরা। অন্যথায়, তাঁরা আবারও আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন। প্রয়োজনে তাঁরা আত্মহনন করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।পানচাষিরা জানান, চলতি মাসে দুলালমুন্দিয়া ও রায়গ্রাম মাঠে পরপর চার দফা পানের বরজে আগুন লাগার ঘটনা ঘটল। এতে শতাধিক চাষির দেড় শ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাঁদের পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে চাষিরা দাবি করেন।গতকাল সকাল সাড়ে আটটার দিকে দুলালমুন্দিয়া মাঠে মদন মোহন ও নিত্যানন্দের দুই বিঘা জমির দুটি পানবরজে আগুন লাগে। এলাকার কৃষকেরা চেষ্টা করে আগুন নেভান। তাঁদের দাবি, একের পর এক আগুন লাগা কোনো দৈব ঘটনা নয়, বরং নাশকতা। এর প্রতিকার চেয়ে কৃষকেরা ঝিনাইদহ-যশোর রাস্তার ওপর বসে পড়েন। তাঁরা সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে স্থানীয় সাংসদ আবদুল মান্নান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনজুমান আরা ঘটনাস্থলে হাজির হন। তাঁরা বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে পানচাষিরা সড়ক অবরোধ তুলে নেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।