কালীগঞ্জে পাল্টাপাল্টি ধাওয়া

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গতকাল বুধবার টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে।
জেলা শহরের আরাপপুর, হামদহ, চাকলাপাড়া ও বাস টার্মিনাল এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আরাপপুরে মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান।
পুলিশ সূত্র জানায়, উপজেলার বেজপাড়ায় বেলা ১১টার দিকে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার সময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের পাঁচ-ছয়টি শেল ও পাঁচটি রাবার বুলেট ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে।
কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের লাউতলা, এলাঙ্গী ও তালেশ্বর এলাকায় সকাল থেকে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ করেন ১৮ দলের নেতা-কর্মীরা। পুলিশ, বিজিবি ও র্যাব গিয়ে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে দেয়।
জেলার আইনশৃঙ্খলা রক্ষার জন্য চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।