কালীগঞ্জে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় স্থানীয়রা পুকুর থেকে ওই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে।

স্থানীয় অধিবাসীরা জানান, দুপুর ১২টার দিকে গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে মো. সৈকত (৫) ও সেলিম মিয়ার ভাই মনির হোসেনের মেয়ে ঊর্মি আক্তার (৬) প্রতিবেশী হযরত মিয়ার পুকুর পাড়ে খেলা করছিল। দুপুর গড়িয়ে বিকেল নামতে শিশু দুটির কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেল ৩টার দিকে ওই পুকুর থেকে মৃত অবস্থায় প্রথমে ঊর্মিকে এবং পরে সৈকতকে উদ্ধার করা হয়। মারা যাওয়া শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই-বোন। ঊর্মি আনন্দ স্কুলের ১ম শ্রেণির ছাত্রী।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এই মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।