কালীগঞ্জে বজ্রপাতে তিন মৎস্যচাষির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে তিন মৎস্যচাষির মৃত্যু হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামের একটি বিলে ওই ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার পুলিশ মৎস্যচাষিদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

মৃত মৎস্যচাষিরা হলেন ওই ইউনিয়নের কাপাইশ গ্রামের মুকুন্দ দাস (৫৬), প্রেম চরণ দাসের ছেলে সুদন দাস (৫০) ও মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামের নিরদ দাস (৩৫)।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, মৃত ব্যক্তিরা পেশায় ছিলেন মূলত মৎস্য ব্যবসায়ী। তাই তিনজন মিলে উপজেলার একটি বিলে মৎস্য চাষ করতেন। আজ দুপুরে তাঁরা খামারে মাছের খাবার দিতে যান। ওই সময় বৃষ্টি হওয়ায় বিলের মধ্যে পাহারার জন্য তাঁদের তৈরি করা ছোট্ট একটি ঘরে তিনজনই আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ওই তিনজনের মৃত্যু হয়। বিলের মাঝখানে হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ টের পায়নি।
এলাকাবাসী জানান, আজ বিকেল পাঁচটার দিকে স্ত্রী রীনা দাস মুকুন্দকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে ওই বিলের মধ্যে তাকে খুঁজতে যান। সেখানে দূর থেকে দাঁড়িয়ে দেখা যায় ওই ঘরে তিনজন শুয়ে আছেন। কিন্তু অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় শরীর ছুঁয়ে ডাকতেই মুকুন্দ মাটিতে পড়ে যায়। রীনা দাসের চিৎকারে বিলের আশপাশের লোকজন ছুটে আসেন। জামালপুর ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় কালীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ওই তিনজনের মরদেহ উদ্ধার করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ প্রথম আলোকে বলেন, বজ্রপাতে তিন মৎস্যচাষির মৃত্যু হয়েছে। তাঁদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।