কালীগঞ্জে বঞ্চিত ২৫০০ পরিবার
রমজান ও ঈদ উপলক্ষে বরাদ্দ দেওয়ার পরেও ভিজিএফের চাল পাননি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ও চন্দ্রপুর ইউনিয়নের হতদরিদ্র দুই হাজার ৪৭৭টি পরিবার। উপজেলা ভিজিএফ কমিটি ওই দুই ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম স্থগিত করে দেওয়ায় এসব পরিবারের সদস্যরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে।এ বিষয়ে গত ২৯ আগস্ট গোড়ল ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যান পৃথকভাবে লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে তাঁরা চাল বিতরণের ব্যবস্থা নিতে তাঁর কাছে আবেদনও করেছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, জেলার কালীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে রমজান ও ঈদ উপলক্ষে বিশেষ ভিজিএফের আওতায় ১২ হাজার ৭০০ পরিবারের জন্য ১২৭ মেট্টিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি দুস্থ পরিবারের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। গোড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল ইসলাম ও চন্দ্রপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, গত ১১ আগস্ট উপজেলা ভিজিএফ কমিটির সিন্ধান্ত অনুযায়ী চন্দ্রপুর ইউনিয়নে এক হাজার ৩৯৭টি ও গোড়ল ইউনিয়নে এক হাজার ৮০টি পরিবারের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ পাওয়া যায়। এরপর এ দুটি ইউনিয়নের অগ্রাধিকার তালিকা তৈরি করে ইউনিয়ন পরিষদের রেজুলেশন অনুযায়ী সুবিধাভোগীদের নামের তালিকা ভিজিএফ কমিটির সহসভাপতি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়। পরে ভিজিএফ কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান ও ইউএনও অন্যান্য ইউনিয়নের চালের ছাড়পত্র দিলেও তাঁদের দুই ইউনিয়নের ৩০ শতাংশ কার্ড দাবি করেন। কিন্তু তাতে রাজি না হওয়ায় তাঁদের ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ইউএনও এরশাদ আহসান হাবীব বলেন, ‘সভা চলাকালে উপজেলা ভিজিএফ কমিটি আন অফিসিয়ালি গোড়ল ও চন্দ্রপুর ইউনিয়নের ৩০ শতাংশ কার্ড দাবি করেছিল। ওই কমিটির সহসভাপতি হওয়ায় আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে শুনেছি। আমি ব্যক্তিগতভাবে কার্ড দাবি করিনি।’ জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার বলেন, গোড়ল ও চন্দ্রপুর ইউনিয়নে বরাদ্দ ও বিতরণ ফরমে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বাক্ষর না করায় জটিলতার সৃষ্টি হয়েছে। এ কারণে ভিজিএফের চাল বিতরণ করা যায়নি। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।