কালীগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষ, শিক্ষকসহ নিহত ৫
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষকসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হন। গতকাল মঙ্গলবার উপজেলার বেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী কালীগঞ্জ উপজেলার চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নার্গিস আক্তার (২৮), কালীগঞ্জ উপজেলার ফারাসপুর গ্রামের মো. শাহনেওয়াজের স্ত্রী সদর উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফিরোজা বেগম (৩০), সদর উপজেলার দোগাছী গ্রামের গফুর বিশ্বাসের স্ত্রী সুফিয়া বেগম (৬০), একই উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের হেকমত আলীর ছেলে হাসান আলী (৩৫) ও অটোরিকশার চালক সদর উপজেলার পরমানন্দি গ্রামের হাতেম আলীর ছেলে নেকবার আলী (২৬)। আহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামের মুকুল হোসেন (৩৫), তাঁর স্ত্রী আরজিনা খাতুন ও একই উপজেলার আড়পাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী মনোয়ারা খাতুন (৪০)। অবস্থা গুরুতর হওয়ায় আরজিনা ছাড়া বাকিদের ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কালীগঞ্জ উপজেলার বেজপাড়া এলাকার প্রথম আলো সড়কের কাছে পৌঁছায়। এ সময় ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা মালবোঝাই একটি ভ্যানকে পাশ কাটিয়ে সামনে ওঠার চেষ্টা করে। এতে বাসটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাসের চালক নিয়ন্ত্রণ ঠিক রাখতে না পেরে রাস্তার পাশে এটি নামিয়ে দেন। এতে বাসটি উল্টে না যাওয়ায় যাত্রীরা রক্ষা পান।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, নিহত ব্যক্তিদের সবার পরিচয় পাওয়া গেলেও আহত একজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তিদের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়। পরে লাশগুলো পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যান। সকাল নয়টার দিকে অটোরিকশাটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।