কালীগঞ্জে বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, আগুন
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে গতকাল শনিবার কয়েকটি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া দুটি শিক্ষাপ্রতিষ্ঠানও ভাঙচুর করা হয়েছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৭ মার্চ ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ে একটি নাটক মঞ্চস্থ হয়। ওই নাটকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করা হয় বলে অভিযোগ ওঠে। এর জের ধরে এই হামলা, আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এ হামলার ঘটনা ঘটে। এ সময় কালীগঞ্জের কৃষ্ণনগর ও বিষ্ণুপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আশপাশে অবস্থান নেয়। সকাল সাড়ে নয়টার দিকে তারা লাঠি, দা, রড নিয়ে ফতেপুর মাধ্যমিক বিদ্যালয় ও ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালায়। পরে তারা ফতেপুর বিদ্যালয়ের পাশে শাহিনুর রহমান ও তাঁর তিন ভাইয়ের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ফতেপুর গ্রামের তাসলিমা খাতুন জানান, হামলাকারীরা তাঁদের বসতঘর ভেঙে গ্রিল, দরজা, জানালা খুলে নিয়ে যায়। লুট করে দামি জিনিসপত্র। পরে তারা বাঁশতলা বাজারে তাঁর স্বামী ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য আবদুল হকিম সরদারের মালিকানাধীন একটি দোকানে আগুন ধরিয়ে দেয়। জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফরিদউদ্দিন বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে ২৭ মার্চ ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ে মঞ্চস্থ করা একটি নাটকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ ওঠে। এর জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। সাতক্ষীরার পুলিশ সুপার হাবিবুর রহমান খান জানান, অভিযোগের সূত্র ধরে এরই মধ্যে রেজোয়ান হারুন ও মিতা রানী হাজরা নামের দুই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় পাঁচ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।