কালীগঞ্জে বেয়াই বাড়িতে গিয়ে এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাতানিপাড়ায় গত মঙ্গলবার রাতে মধু মিয়া (৪৮) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। মধুর বাড়ি উপজেলার জামালপুর গ্রামে। অভিযোগ উঠেছে, পুত্রবধূকে আনতে গিয়ে ছেলের শ্বশুরবাড়ির লোকজনের হামলায় মধু নিহত হন।এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত মধু মিয়ার দুই ছেলে হালিম ও সেলিম সাতানিপাড়ার মো. তমিজ উদ্দিনের দুই মেয়ে লাকী ও তারেফাকে বিয়ে করেন। গত রোববার সেলিম ও তারেফার মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে তারেফা রাগ করে বাবার বাড়ি চলে যান। তাঁকে ফিরিয়ে আনতে মঙ্গলবার সন্ধ্যায় মধু তাঁর দুই ছেলে ও দুই ভাতিজাকে নিয়ে বেয়াইবাড়ি যান। সেখানে উভয় পক্ষের তর্কাতর্কির একপর্যায়ে বাড়ির লোকজন দা, লাঠি ও ছুরি নিয়ে হামলা করে ওই পাঁচজনকেই আহত করেন। প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সকেরা মধুকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া তাঁর ভাতিজা মিরাজের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে মঙ্গলবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল বুধবার তমিজসহ ১১ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।