কালীগঞ্জে ব্যাংকের নৈশপ্রহরীকে হত্যা ৭২ লাখ টাকা লুট
ঝিনাইদহের কালীগঞ্জে ইসলামী ব্যাংকের নৈশপ্রহরীকে হত্যা করে ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ৭২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পরদিন শুক্রবার বিকেলে নৈশপ্রহরীকে খুঁজতে গিয়ে বিষয়টি ধরা পড়ে।
নিহত নৈশপ্রহরী যশোর জেলার রাজারহাট গ্রামের মৃত বাবু শেখের পুত্র আয়ুব হোসেন (৬২)। ব্যাংকের ওপরের তলার ভাড়াটিয়ারা এর সঙ্গে যুক্ত বলে ধারণা করছে পুলিশ।
কালীগঞ্জ শহরের মধুগঞ্জ এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংকের অপর নৈশপ্রহরী শুকুর আলী ও শাখা ব্যবস্থাপক মাহমুদুল হাসানের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ব্যাংকের শাখাটির নিরাপত্তার দায়িত্বে ছিলেন আয়ুব হোসেন। শুকুর আলী দায়িত্ব বুঝে নিতে শুক্রবার বেলা ১১টার দিকে ব্যাংকে আসেন।
আয়ুব হোসেনকে খোঁজাখুঁজি করে এবং মুঠোফোনে কল করেও কোনো হদিস না পেয়ে কর্মকর্তাদের ফোন করে তিনি বিষয়টি জানান। বিকেল পাঁচটার দিকে শাখা ব্যবস্থাপক মাহমুদুল হাসান এসে প্রশাসনের সহযোগিতায় সিঁড়ির তালা ভাঙেন। তিনতলার সিঁড়িতে তাঁরা আয়ুব হোসেনের লাশ দেখতে পান। ব্যাংকের ভেতরে ঢুকে দেখতে পান, ভল্ট ভাঙা এবং সেখানে থাকা ৭২ লাখ টাকা নেই।
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, ভবনের মালিক ইমদাদুল হক আনুমানিক এক মাস আগে ব্যাংকের ওপর তিনতলা বিসমিল্লাহ ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেন। ওই প্রতিষ্ঠানের মালিকেরা অফিসের পাশাপাশি সেখানে বসবাস করতে থাকে। তারা নৈশপ্রহরীদের সঙ্গে সখ্য গড়ে তোলে। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় আয়ুব হোসেনকে ওপরে নিয়ে বিষাক্ত ও চেতনানাশক কিছু পান করানো হয়। এতে আয়ুব হোসেন অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা চাবি নিয়ে ব্যাংকে ঢোকে এবং ভল্ট ভেঙে টাকা লুট করে। পরে অচেতন নৈশপ্রহরীকে তিনতলার সিঁড়িতে ফেলে রেখে গেটে তালা লাগিয়ে তারা চলে যায়। এর একপর্যায়ে আয়ুব হোসেনের মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এরাদুল হক জানান, প্রাথমিকভাবে আলামত দেখে ধারণা করা হচ্ছে, তিনতলার ভাড়াটিয়ারা এ ঘটনার সঙ্গে জড়িত। তারা সবাই রুম ছেড়ে চলে গেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।