কালীগঞ্জে ভূমিহীনদের পুকুর আ.লীগ কর্মীর দখলে!
ভূমিহীন ৮০টি পরিবারকে বসবাসের জন্য সরকার একটি আশ্রয়ণ প্রকল্প করে দিয়েছে। তার পাশেই ১২ বিঘা জমির ওপর আছে একটি পুকুর। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ব্যবহারের জন্য পুকুরটি দেওয়া হয়েছে। কিন্তু পুকুরটি এখন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দখলে। তাঁরা পুকুরে মাছ চাষ করছেন এবং ওই সব দরিদ্র মানুষকে পুকুরের পানি ব্যবহার করতে দিচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। বারো-আউলিয়া আশ্রয়ণ প্রকল্পটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নে অবস্থিত। এখানকার বাসিন্দারা জানান, ২০০৬ সাল থেকে তাঁরা আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে আসছেন। আশ্রয়ণের দুই প্রান্তে মোট ৮০টি ঘর রয়েছে। মাঝে প্রায় ১২ বিঘা জমির ওপর একটি পুকুর। যার মধ্যে নয় বিঘায় আছে পানি। শুরুর দিকে উভয় পাড়ের বাসিন্দারা পুকুরটি ব্যবহার করতেন। পুকুরের পানিতে গোসল থেকে শুরু করে থালা-বাসন, কাপড়-চোপড় ধুয়ার কাজ করতেন তাঁরা। তা ছাড়া পুকুরের মাছ ধরে খেতেন আশ্রয়ণের বাসিন্দারা। বাসিন্দারা অভিযোগ করেন, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বারোবাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ওরফে লাকি পুকুরটিতে মাছ ছাড়েন। কিন্তু কিছু দিনের মধ্যে পুকুরটি দখল করে নেন উপজেলা আওয়ামী লীগের সদস্য শিপন মৃধা। তাঁর লোকজন দিয়ে মাছ চাষ শুরু করেন। এর পর থেকে আশ্রয়ণের বাসিন্দাদের পুকুরে নামতে দেওয়া হয় না। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান দাবি করেন, তিনি উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করে ওই পুকুরে মাছ ছাড়েন। ভূমি কার্যালয়ের পক্ষ থেকে ইজারা দেওয়ার কথা ছিল। কিন্তু ইজারা না পাওয়ায় তিনি পুকুরটি ছেড়ে দিয়েছেন। এ প্রসঙ্গে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য শিপন মৃধা জানান, তিনি একা নন, তাঁর দলের কিছু ছেলে একসঙ্গে পুকুরে মাছ চাষ করছেন। পুকুরটি পড়েছিল, তাই তাঁরা মাছের চাষ করছেন। পুকুরে কাউকে নামতে দেওয়া হচ্ছে না—কথাটি ঠিক নয় বলে দাবি করেন তিনি। বারোবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, পুকুর নিয়ে নানা সমস্যার কথা সেখানকার বাসিন্দারা তাঁর কাছেও কয়েকবার বলেছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঞ্জুমান আরা জানান, পুকুরটি ওই স্থানের বাসিন্দাদের ব্যবহারের জন্য। বাইরের কেউ মাছ চাষ করবে—এটা ঠিক নয়।