হত্যা মামলার এক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুরে গতকাল মঙ্গলবার রাতে এক ব্যক্তির লাশ নিয়ে মিছিল করেছেন এলাকাবাসী। এ সময় তাঁরা থানার পুলিশের বিরুদ্ধে নানা স্লোগান দেন। জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খাইরুল আলম জানান, গত ২৭ মে জামালপুরে সন্ত্রাসী হামলায় আহত হন সফিকুল ইসলাম মোড়ল (২৫)। দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকার পর গত সোমবার বেলা দুইটার দিকে তিনি মারা যান। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে মো. কফিল উদ্দিন (৭০) ও তাঁর ছেলে মারুফকে (২৫) সোমবার রাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। চেয়ারম্যান খাইরুল আলম জানান, পুলিশ মারুফকে হত্যা মামলার আসামি না করে অন্য একটি মামলায় গতকাল গাজীপুর আদালতে পাঠান। আর কফিল উদ্দিনকে কালীগঞ্জ থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এ খবর পেয়ে এলাকাবাসী রাতে সফিকুল ইসলামের লাশ নিয়ে মিছিল করেন। তাঁরা এ সময় সন্ত্রাসী ও কালীগঞ্জ থানার পুলিশের বিচার দাবি করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিবারের লোকজন ও এলাকাবাসীর অনেকে জানান, তুচ্ছ ঘটনা নিয়ে গত ২৭ মে জামালপুর বাশাইর বাজারে রতনের চায়ের দোকানে সফিকুলের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। এরপর প্রতিপক্ষ সফিকুলকে মারতে গেলে আত্মরক্ষার জন্য তিনি দৌড় দেন। এ সময় সন্ত্রাসীরা অস্ত্রসহ পিছু নেয় এবং বাশাইর টেম্পোস্ট্যান্ডে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর তাঁর কাছে থাকা তিন হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয় তারা। এ খবর পেয়ে সফিকুলের বড় ভাই মো. মজিবুর রহমান ঘটনাস্থলে এলে তাঁকেও সন্ত্রাসীরা মারধর করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, ওই মামলায় কফিল উদ্দিন ও তাঁর ছেলে সম্প্রতি আদালত থেকে জামিন নিয়েছেন। লোকজন তাঁদের পুলিশে দিলেও বৃদ্ধ বলে কফিল উদ্দিনকে ছেড়ে দেওয়া হয়। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে ছেলে মারুফকে গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।