কালীগঞ্জে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পৃথক সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচটি বাম রাজনৈতিক দল ও বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা শাখা জেলা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করেছে। মিথ্যা ও উসকানিমূলক সংবাদ প্রকাশের অভিযোগে উভয় সংবাদ সম্মেলনে স্থানীয় একটি দৈনিকের সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে মামলা দায়ের ও পত্রিকাটির ডিক্লারেশন বাতিলের দাবি জানানো হয়। রোববার বেলা ১১টায় জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, সিপিবি ও ন্যাপ সাতক্ষীরা জেলা শাখার পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার। এতে বলা হয়, গত ২৭ মার্চ কালীগঞ্জের ফতেপুর হাইস্কুলে একটি নাটক মঞ্চস্থ হয়। ওই নাটক নিয়ে স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত উসকানিমূলক সংবাদের জের ধরে ৩১ মার্চ ফতেপুর গ্রামে দুই দফা হামলা চালিয়ে ১০টি বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।এ ছাড়া দুটি বিদ্যালয় ও একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়। সংখ্যালঘু সমপ্রদায়ের ১৮-২০ বাড়িতে লুটপাট করা হয়। গুজব ছড়ানোর কারণে ওই দৈনিকের সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে অবিলম্বে মামলা দায়ের ও পত্রিকার ডিক্লারেশন বাতিলের দাবি জানানো হয়। গ্রেপ্তার ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের দুজন শিক্ষক ও একজন ছাত্রের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং ক্ষতিপূরণ দেওয়াসহ আট দফা দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি কাজী রিয়াজ, জেলা ওয়ার্কার্স পার্টির ফাইমুল হক, কমিউনিস্ট পার্টির আবুল হোসেন, আশেক-ই-এলাহি প্রমুখ।