কালীগঞ্জে শতাধিক মেহগনিগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন ও তাঁর চাচাতো ভাই হাফিজুর রহমানের এক বিঘা জমির শতাধিক মেহগনিগাছ গত বুধবার রাতে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
জয়নাল আবেদীন অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁকে ক্ষতিগ্রস্ত করতে এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে তিনি কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ত্রিলোচনপুর ইউনিয়নের বড় ঘিঘাটি গ্রামের বাসিন্দা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান জানান, ছয় মাস আগে তাঁর ১৬ শতক জমির ৪০টি মেহগনিগাছ এক লাখ পাঁচ হাজার টাকায় বিক্রি করেন। এর দুই মাস পর আবার তিনি গাছ লাগান। তাঁর গাছ লাগানো দেখে পাশে থাকা জয়নাল আবেদীনের ১৬ শতক জমিতেও একই সময় গাছ লাগানো হয়। দুজনের এক বিঘা জমিতে শতাধিক গাছ লাগানো হয়।
হাফিজুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার সকালে খবর পান, তাঁদের দুই ভাইয়ের জমির গাছ বুধবার রাতে কে বা কারা কেটে ফেলেছে। কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।