কালীগঞ্জে শিক্ষক লাঞ্ছিত, অভিযোগ সভাপতির বিরুদ্ধে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যালয়ের তহবিলের টাকা ধার না দেওয়ায় ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। উপজেলার গোপালরায় পঞ্চপথী উচ্চবিদ্যালয়ে গত রোববার এ ঘটনা ঘটে। এর তদন্তে গতকাল মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম বিদ্যালয়টি পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ব্যবস্থাপনা কমিটির সভাপতি আতাউজ্জামান রঞ্জু বিদ্যালয়ের তহবিলে থাকা দেড় লাখ টাকা ধার চাইছিলেন। বিষয়টি নিয়ে গত রোববার বিকেলে বিদ্যালয়ে কমিটির সদস্য ও শিক্ষকদের নিয়ে বৈঠক হয়। এতে আতাউজ্জামানকে ৫০ হাজার টাকা ধার দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে তিনি আরও বেশি টাকা চাইছিলেন। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে রেজল্যুশন বইয়ের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলেন ও জুতা দিয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে মারধর করেন।
সভায় উপস্থিত সহকারী শিক্ষক আরজুফা ইয়াসমীন অভিযোগ করেন, ৫০ হাজার টাকা ধার দেওয়ার কথা বলায় আতাউজ্জামান প্রধান শিক্ষককে মারতে থাকেন। অন্য শিক্ষকদেরও দেখে নেওয়ার হুমকি দেন তিনি।
আতাউজ্জামানের শাস্তির দাবিতে গত সোমবার ক্লাস বর্জন করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল দুপুরে বিদ্যালয়টি পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম। তাঁর আশ্বাস পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।
প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের তহবিলের দেড় লাখ টাকা ধার দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন আতাউজ্জামান। তাঁর কথায় রাজি না হওয়ায় আমাকে জুতা দিয়ে মারধর করেছেন। ঘটনা মীমাংসা করে নেওয়ার জন্য এখন বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।’
এসব অভিযোগ অস্বীকার করে আতাউজ্জামান বলেন, বিদ্যালয়ের হিসাব-নিকাশ নিয়ে রোববারের বৈঠকে প্রধান শিক্ষকের সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে মাত্র।