কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের নির্দেশ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই জেলা রেভেনিউ কালেক্টর (আরডিসি) মো. নাজমূল হাসানের সই করা পৃথক চিঠিতে কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ওই নির্দেশ দেওয়া হয়।নির্দেশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জের ইউএনও মো. ফজলে আজিম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ঘটনা তদন্ত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদন্তের ব্যাপারে অবহিত করা হয়েছে। কাপাসিয়ার ইউএনও সরোজ কুমার নাথ বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনস্থল আমার এলাকায় পড়ে না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাসময়ে জানানো হয়েছে।’প্রসঙ্গত, গত ৪ জুলাই প্রথম আলোয় শীতলক্ষ্যায় বালু উত্তোলনের ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এরপর ভূমি মন্ত্রণালয় থেকে গাজীপুরের জেলা প্রশাসকের কাছে একটি পরিপত্র পাঠানো হয়।