কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশিরাম বটতলা এলাকায় গত রোববার সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে রাখে।
রেনুফা আক্তার (১৯) কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট এলাকার রুহল আমিন ওরফে লাভলু মিয়ার স্ত্রী। চার মাস আগে তাঁর বিয়ে হয়। কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক ডিগ্রি কলেজে তাঁর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে রেনুফা তাঁর বাবার বাড়ি কাশিরাম থেকে স্বামীর মোটরসাইকেলে করে এক বান্ধবীসহ কলেজে যাচ্ছিলেন। পথে বটতলা এলাকায় বুড়িমারী থেকে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে মোটরসাইকেলের তিনজন আরোহী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রেনুফাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ওসি মঞ্জুর রহমান বলেন, রোববার রাতে নিহত রেনুফার বড় ভাই একটি মামলা করেছেন।